নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন, প্রত্যেকটা স্থানে সংস্কার প্রয়োজন। সংস্কার নিয়ে অনেকা আলোচনা চলছে। আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের পর জাতীয় নির্বাচন। কিন্তু অনেকেই শুধু চায় জাতীয় সংসদ নির্বাচন। এসব বিষয় নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে। যাতে গণ পরিষদ নির্বাচনের আয়োজনটা সরকার সঠিক সময়ে করতে পারে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুরের কাউনিয়ার হারাগাছের আমবাড়িতে গণসংযোগকালে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় তার সাথে ছিলেন মহানগর এনসিপির প্রথম যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, জেলার যুগ্ম সমন্বয়কারী এন আই সুমনসহ রংপুর জেলা ও মহানগর এনসিপির নেতারা।
আখতার বলেন, সংস্কার যাতে সরকার দ্রুত করতে পারে সে জন্য আমরা জনমত গঠনেও কাজ করছি। সারা দেশে যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে গণমানুষকে সাথে নিয়ে সামনের পথটা আমরা নির্মাণ করতে পারব। তিনি বলেন, সরকার যে সময়সীমা দিয়েছে সেই সময়ে নির্বাচন করতে পারে। তবে তার আগে অবশ্যই সরকারকে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা, বিচারকে দৃশ্যমান এবং মাঠ পর্যায়ের নিরপেক্ষতা নিশ্চিত করে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। যত দ্রুত সরকার এসব নিশ্চিত করতে পারবে তত দ্রুত নির্বাচন করতে পারবে। অন্যথায় নয়।
আখতার বলেন, সমাজে জনআকাক্সক্ষার পরিবর্তনে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটে। সেখানে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে শাসনতান্ত্রিক কাঠামো তৈরিতে ভূমিকা রাখে। বাংলাদেশে একটা নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এ জন্য নতুন সংবিধানের বাস্তবায়নের জন্যে সরকার যেকোনো সময় গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে পারে।
বৃহস্পতিবার তিনি কাউনিয়ার চর গোনাই, হারাগাছ, সারাই ও পীরগাছার দেউতিসহ বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি ও পথসভায় বক্তব্য রাখেন।