নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠী ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে আরও কিছু উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসার জন্য জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে।
বৈঠকে ইয়োহেই সাসাকাওয়া নিপ্পন ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রম সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। বিশেষ করে কুষ্ঠরোগের চিকিৎসা ও প্রতিরোধে ফাউন্ডেশনের দীর্ঘদিনের কার্যক্রম এবং অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া কক্সবাজারসহ রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে জীবনমান উন্নয়নে নিপ্পন ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগের বিষয়ও বৈঠকে উঠে আসে। রোহিঙ্গাদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া এবং তাদের আয়-উপার্জনের সুযোগ তৈরি করে স্বাবলম্বী করার লক্ষ্যে সংস্থাটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান।
বাংলাদেশ সফরের জন্য ইয়োহেই সাসাকাওয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশের দরিদ্র মানুষের কল্যাণে ভবিষ্যতে আরও উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের জন্য নিপ্পন ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান তিনি।
বৈঠকে ডা. শফিকুর রহমান নিপ্পন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে সহযোগিতারও আশ্বাস দেন।
বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
নিপ্পন ফাউন্ডেশন জাপানের একটি বড় বেসরকারি দাতব্য ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য, মানবিক সহায়তা, দারিদ্র্য বিমোচন ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। বাংলাদেশেও কুষ্ঠরোগ নির্মূল এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।