মোহাম্মদ ইউসুফ, বরিশাল: বরিশাল নগরীর সদর রোডে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল সিটি কলেজে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের আইসিটি ভবনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল জব্বার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও চাখার সরকারি ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রব।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোয়াজ্জেম হোসাইনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, চরিত্র ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন জীবন গড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।