নিজস্ব প্রতিবেদক
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আগামী মাসে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে ডা. জোবাইদা রহমান ও শার্মিলা রহমানও দেশে ফিরতে পারেন। দেশে ফেরার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আশা করা হচ্ছে মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্র্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে চিঠি দেন। চিঠিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন। উনার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে ‘আশঙ্কামুক্ত’ নন। উনার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরাতে পরামর্শ দিয়েছেন।
যুক্তরাজ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। চিকিৎসকরা ‘হোম ভিজিটের’ মাধ্যমে প্রতিদিনই তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা যখন পরিষ্কারভাবে ছাড়পত্র দেবেন, তখনই তিনি দেশে ফিরতে পারবেন।
এ বিষয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, যত তাড়াতাড়ি সম্ভব ম্যাডাম দেশে ফিরবেন। ম্যাডামসহ আমরা দেশে ফিরতে শতভাগ প্রস্তুত। এখন লন্ডন হাসপাতালের চিকিৎসকরা চূড়ান্ত নির্দেশনা দিলেই আমরা রওয়ানা করব।
৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান খালেদা জিয়া। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।