আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজধানীতে যুব র্যালী ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, “মাদকের বিষাক্ত ছোবলে যুব সমাজ জর্জরিত।”
তিনি বলেন, শিশু-কিশোর ও তরুণদের পাশাপাশি নারীরাও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে এবং মাদক সমস্যা বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। তাঁর অভিযোগ, অতীতে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি; বরং কিছু ক্ষেত্রে তরুণদের হাতে মাদক ও অস্ত্র তুলে দিয়ে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারও এখন পর্যন্ত মাদক নিয়ন্ত্রণে কার্যকর কোনো অভিযান পরিচালনা করতে পারেনি।
নূরুল ইসলাম বুলবুল বলেন, দেশের উন্নয়ন, নিরাপদ সমাজ গঠন এবং নতুন প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে হলে তরুণদের মাদকের করালগ্রাস থেকে রক্ষা করা জরুরি। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন স্তরে যুবসমাজের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সমাবেশে তিনি দাবি করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা পর্যায়ের জনবল বর্তমান পরিস্থিতি মোকাবিলার জন্য যথেষ্ট নয়। সীমান্ত দিয়ে মাদকের প্রবেশ বন্ধ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল বৃদ্ধি করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে, যা যুবসমাজের নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে। মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সরকারের যেকোনো মাদকবিরোধী উদ্যোগে জামায়াতে ইসলামী সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও তিনি ঘোষণা দেন।
সমাবেশ শেষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের যুব বিভাগের উদ্যোগে একটি যুব র্যালী জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে হাইকোর্ট চত্বর প্রদক্ষিণ করে মৎস্য ভবনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, মহানগরীর কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসেন ও শাহীন আহমেদ খানসহ মহানগরী ও বিভিন্ন সাংগঠনিক থানার নেতাকর্মীরা।