সৈয়দ আখতার সিরাজী: খেলাধুলা দেশের যুব সমাজের প্রাণশক্তি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, দেশের সব ক্রীড়া ফেডারেশনকে একটি করে ‘সিড মানি’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর লভ্যাংশ দিয়ে ফেডারেশনগুলো নিয়মিত খেলাধুলার আয়োজন করতে পারবে। একইভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিকেও (ডিআরইউ) একটি সিড মানি দেওয়ার কথা ভাবা হচ্ছে, যাতে সাংবাদিকদের ক্রীড়া আয়োজন করতে কোনো সমস্যা না হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআরইউর আয়োজনে এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবারের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ও জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ জাবের, ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল এবং সাবেক ক্রীড়ালেখক, সংগঠক ও ব্যাংকার সেলিম নজরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, “দেশের সকল ক্রীড়া ফেডারেশনকে একটি সিড মানি দেওয়া হবে। যার লভ্যাংশ থেকে যে অর্থ পাবে, তা দিয়েই খেলা চালাতে পারবে। ঠিক সেরকম একটি সিড মানি ডিআরইউকেও দেওয়ার কথা ভাবছি আমরা। যাতে সাংবাদিকদের খেলা আয়োজন করতে কোনো সমস্যা না হয়।”
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ জাবের বলেন, “খেলাধুলা দেশের যুব সমাজের চালিকা শক্তি। খেলায় মনন বিকশিত হয়, শরীর ভালো থাকে। তাই আমি ডিআরইউর এই আয়োজনকে স্বাগত জানাই।”
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, “আমরা সাংবাদিকরা লেখালেখির পাশাপাশি খেলাতেও যে সেরা, সেটাই প্রমাণিত হয়েছে। আমরা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে খেলাধুলা করার সহযোগিতা চাই।”
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, “আগেও আমরা আমিনুল ভাইয়ের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। সামনেও তা অব্যাহত রাখার আবদার জানাচ্ছি। আশা করি, আমাদের এই চাওয়াটুকু রাখবেন প্রতিমন্ত্রী।”
এবারের ক্রীড়া উৎসবে ১৫টি ইভেন্টে ডিআরইউর প্রায় তিন শতাধিক সাংবাদিক অংশ নেন।
কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৬-এ সেরা পুরুষ ক্রীড়াবিদ হিসেবে শফিকুল কবির ট্রফি জিতে নিয়েছেন এশিয়ান টিভির বাতেন বিপ্লব। আর সেরা নারী ক্রীড়াবিদ হিসেবে এম আনোয়ারুল হক ট্রফি জিতেছেন দ্য প্রেসেঞ্জা নিউজ এজেন্সির জাহিদা পারভেজ ছন্দা।