স্পোর্টস রিপোর্টার
দাপুটে ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকান কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র। দুজনের জাদুকরী তিন অঙ্ক ছোঁয়ায় নিউজিল্যান্ড পেয়ে যায় ৩৬২ রানের হিমালয়সম পুঁজি। রান তাড়ায় টেম্বা বাভুমার সঙ্গে রসি ফন ডার ডুসেন শতরানে পৌঁছতে চেষ্টার কোনো ত্রুটি রাখলেন না। শেষে লড়াই করলেন ডেভিড মিলারও। 'কিলার' মিলার শেষ দিকে লড়াই করলেন একাই। কিন্তু সেঞ্চুরি মিলল না। ত্রয়ী ব্যাটারের মতো দক্ষিণ আফ্রিকাও ব্যর্থতার গল্প লিখল। প্রোটিয়াদের ব্যাটিং থামল শেষে ৩১২ রানে। ৫০ রানের দুরন্ত জয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের টিকিট কাটল নিউজিল্যান্ড। রোববারের শিরোপা নির্ধারণী ম্যাচে কিউদের প্রতিপক্ষ ভারত।
চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের মধ্যে পঞ্চমবারের মতো ফাইনালে খেলবে ভারত। টুর্নামেন্টের অতীতের আট আসরের মধ্যে ভারত দুইবার চ্যাম্পিয়ন হয়।
২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। ২০০২ সালে শ্রীলংকার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে ২০০০ ও ২০১৭ সালে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ফাইনালে হেরে যায় ভারত।
অন্যদিকে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় আসরে ২০০০ সালে ভারতীয় ক্রিকেট দলকে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হয়। এবার দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে ট্রফির লড়াইয়ে সেই ভারতকেই পেল কিউইরা।
বুধবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় নিউজিল্যান্ড। এদিন টস জিতে প্রথমে ব্যাট করে কিউইরা।
প্রথমে ব্যাট করে রাচিন রচিন্দ্র (১০৮) ও কেন উইলিয়ামসনের (১০১) জোড়া সেঞ্চুরি আর ড্যারেল মিচেল (৪৯) এবং গ্লেন ফিলিপসের (৪৯) ব্যাটিং তাণ্ডবে ৩৬২ রানের রেকর্ড গড়ে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই দলীয় সর্বোচ্চ রানের স্কোর।
রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ২ উইকেটে ১৬১ রান করে ভালো পজিশনেই ছিল দক্ষিণ আফ্রিকা। এরপর সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় প্রোটিয়ারা।
জয়ের জন্য শেষ দিকে মাত্র ১৮ বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৯৯ রান। হাতে ছিল মাত্র এক উইকেট। ব্যাটিংয়ের এক প্রান্তে ছিলেন ডেভিড মিলার আর অন্য প্রান্তে ছিলেন পেস বোলার লুঙ্গি এনগিডি।
ইনিংসের শেষ দিকে মিলার রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়ে একের পর এক বাউন্ডারিতে ৬৭ বলে ১০টি চার আর ৪টি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন। তার ব্যাটিং ঝড়ে ব্যবধান কমালেও দলের পরাজয় এড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
মিলারের সেঞ্চুরি (১০০*) আর রিশি ভেন দার ডুসেন ও টিম্বা বাভুমার ৬৯ ও ৫৬ রানের ইনিংসের সুবাদে ৯ উইকেটে ৩১২ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। ৫০ রানের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল নিউজিল্যান্ড।