নিজস্ব প্রতিবেদক,
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন ওরফে স্বপন ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর উদ্দেশ্যে সিন্ডিকেট করে ৮ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বাড়ি ও জমি ক্রয় করে অঢেল সম্পদের মালিক হয়েছেন রুহুল আমিন ওরফে স্বপন। তিনি মানিলন্ডারিংয়ের অপরাধে অভিযুক্ত।
রুহুল আমিন জনশক্তি রপ্তানির প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনালনামীয় ঢাকার ভাটারার আবাসিক এলাকা, বনানী ও উত্তরা এলাকার ৭টি দলিলের মোট জমির পরিমাণ ২৩১ কাঠা। এর দলিল মূল্য ১৫ কোটি ৫৫ লক্ষ ৩৩ হাজার টাকা। এসব জমি ও ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন অবকাঠামোসহ মোট ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে। সিআইডির আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এসব সম্পত্তির উপর ক্রোকাদেশ দেন।
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপনসহ সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় সিআইডি।